বাগের হাটের রামপাল উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা–মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি যাত্রীবাহী বাস মোংলার দিক থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।