গোবিন্দগঞ্জে একটি তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। শনিবার (৬ ডিসেম্বর) রাতের ওই মাহফিলে তিনি তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন। কিন্তু বক্তৃতা শুরুর কয়েক মিনিটের মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে নিস্তেজ হয়ে পড়েন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (৮ ডিসেম্বর) সকালে তিনি মৃত্যুবরণ করেন।
মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলে ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি প্রায় আড়াই বছরের একটি সন্তানের জনক ছিলেন।
হঠাৎ তার এই মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।