চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে একটি বাড়ির টয়লেট থেকে ১৪৫ লিটার অবৈধ মজুতকৃত ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার টং পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে টয়লেটের ভেতর থেকে ৩টি ড্রামে ভরা ডিজেল উদ্ধার করা হয়। অবৈধ মজুতের দায়ে বাড়ির মালিক সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ডিজেল সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে দেন ভ্রাম্যমাণ আদালত। ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।