র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। সেই সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) নেতৃত্বেও এসেছে পরিবর্তন। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ হয়েছেন সিআইডি প্রধান ও পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিন পেয়েছেন এসবি প্রধানের দায়িত্ব। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। প্রেসিডেন্টের আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌহিদ আহমেদ।

মো. আহসান হাবীব পলাশ এর আগে পিবিআইতে কাজ করেন। আওয়ামী লীগ সরকার আমলে তিনি পদোন্নতি বঞ্চিত ছিলেন । আহসান হাবীব পলাশ ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। বাগেরহাটের বাসিন্দা অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি পুলিশ সদর দপ্তরে (এইচআরএম ও ডেভেলপমেন্ট) কর্মরত ছিলেন। এর আগে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক এই শিক্ষার্থীর মাঠপর্যায়ে অপারেশন পরিচালনায় দক্ষতা রয়েছে। মোসলেহ্ উদ্দিন আহমদ পুলিশ সদর দপ্তরে লজিস্টিকস্ অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন শাখায় দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০২৫ সালের মে মাসে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি ও পদায়ন পান। তিনি ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি সে সময় ডিএমপিতে ডিসি হিসেবে কর্মরত ছিলেন। একজন সৎ, দক্ষ ও যোগ্য পুলিশ অফিসার হিসেবে বাহিনীতে তার সুনাম রয়েছে। খাগড়াছড়ির রামগড় উপজেলায় জন্ম মোসলেহ উদ্দিনের।

৫ পুলিশ সুপার পদে রদবদল: বাংলাদেশ পুলিশের তিন জেলাসহ পাঁচ পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন-সিআইডির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে খাগড়াছড়ি, মাদারীপুর জেলার পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডি, মাগুরা জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে মাদারীপুর জেলা, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলায় বদলির আদেশ বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।