সাতক্ষীরা সংবাদদাতা
দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার, ইসলামি চিন্তাবিদ ও সাবেক সংসদ সদস্য কাজী শামসুর রহমানের আজ সপ্তম মৃত্যুবার্ষিকী। সম্প্রতি মরহুমের কবর জিয়ারত ও দোয়া করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান। এসময় তাঁর সাথে জাতীয় ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । কাজী শামসুর রহমান ১৯৩৭ সালের ১ জানুয়ারি সাতক্ষীরা শহরের সুলতানপুরে জন্মগ্রহণ করেন ও ১৭ ফেব্রুয়ারি ২০০৬ সালে ইন্তিকাল করেন। তিনি ১৯৬৩ সালে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ থেকে এমএড ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে সাতক্ষীরা সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে দায়িত্ব পালনকালে ত্রাণ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, হিসাব কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের পরিচয় দিয়েছেন। সংসদের মসজিদে আজান ও নামাজের ব্যবস্থা, সাতক্ষীরায় আড়াইশ’ শয্যার হাসপাতাল, স্বল্প খরচে সমুদ্রপথে সহজ শর্তে হজ্ব করার ব্যবস্থা, সাতক্ষীরা আলিয়া মাদরাসা সরকারীকরণ, পতিতাবৃত্তি চালু রাখার ব্যবস্থা রহিতকরণ, সেনা, পুলিশ ও বিডিআর বাহিনীতে নামাজ আদায়ের সময় নির্দিষ্টকরণ এবং তাদের পারিবারিক সুবিধাসংক্রান্ত প্রস্তাব সংসদে তিনি পেশ করেছিলেন। মহিলাদের পোস্টমর্টেমে মহিলা ভাক্তার নিয়োগ, প্রত্যন্ত অঞ্চলে পল্লীবিদ্যুৎ পৌঁছানো, কালিগঞ্জ ও আশাশুনি ব্রিজনির্মাণ এবং নাভারন থেকে সুন্দরবনের হিরণ পয়েন্টে বিশাল হাইওয়ে নির্মাণের জন্য তার নেতৃত্বে জামায়াতের এমপিরা সংসদে প্রস্তাব পেশ করেছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা সমিতি, বৃহত্তর খুলনা সমিতি, সাতক্ষীরা জামায়াতসহ পারিবারিকভাবে মিলাদ মাহফিল, কুরআনখানি ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।