আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনের ভোটার নন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন। ফলে নিজের আসনেই ভোট দিতে পারবেন না তিনি। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। বর্তমানে তিনি ঢাকা-১৬ আসনের ভোটার।
শফিকুল ইসলাম মিল্টনের হলফনামা অনুযায়ী তার বর্তমান এবং স্থায়ী ঠিকানা হোল্ডিং নং ৪৫, রাস্তা-২, মহল্লা -১২ ই, ওয়ার্ড নং-২, পোস্ট -মিরপুর (১২১৬), উপজেলা পল্লবী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, জেলা ঢাকা, বিভাগ-ঢাকা। অর্থাৎ তিনি পল্লবী উপজেলার ভোটার, যা ঢাকা-১৬ আসনের নির্বাচনী এলাকা। কিন্তু তিনি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-১৫ আসনে।
এছাড়াও হলফনামা অনুযায়ী তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে অষ্টম শ্রেণি পাস। কিন্তু তিনি নিজেকে মনিপুর স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।