পবিত্র ঈদুল ফিতরের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ পালিত হতে পারে, তার একটি সম্ভাব্য তারিখ জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।
তার দেওয়া তথ্যমতে, এ বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ করার প্রবল সম্ভাবনা রয়েছে।
ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর হতে পারে আগামী ২০ মার্চ (শুক্রবার)। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ ওই অঞ্চলের দেশগুলোতে ওইদিনই ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।
তিনি আরও ব্যাখ্যা করেছেন যে, বুধবার অর্থাৎ ২৯তম রমজানের সন্ধ্যায় আরব দেশগুলোর আকাশে নতুন চাঁদের দেখা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে ৩০ রোজা পূর্ণ করেই শুক্রবার সেখানে ঈদ উদযাপিত হবে।
সাধারণত ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে রোজা শুরু এবং ঈদ পালিত হয়ে থাকে।
সেই দীর্ঘদিনের নিয়ম ও হিসেব অনুযায়ী, যদি ২০ মার্চ সৌদি আরব ও পাশ্ববর্তী দেশগুলোতে ঈদ হয়, তবে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে আগামী ২১ মার্চ (শনিবার)।
তবে সবকিছুই নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।
বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি নির্ধারিত সময়ে সভা করে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে। আপাতত ২০ ও ২১ মার্চকেই ঘিরে চলছে উৎসবের সব প্রস্তুতি।