২১ ঘণ্টা পার হলেও রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গভীর পর্যন্ত গর্ত খোঁড়ার কাজ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছেন।
জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যায় শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। প্রথমে একটি স্কেভেটর দিয়ে কাজ শুরু হলেও পরে আরও দুটি স্কেভেটর যুক্ত করা হয়। রাতভর তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট মাটি খনন ও উদ্ধার অভিযান চালায়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সকাল হতে না হতেই উদ্ধার অভিযানস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। তাদের সরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেগ পেতে হচ্ছে ।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামিয়ে দেখার চেষ্টা করেছে। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে তারা দেখতে পায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে পরদিন সকাল হলেও উদ্ধার করা যায়নি শিশুটিকে। তবে থেমে নেই ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, ৩৫ ফুট নামার পর শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে।