মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে হঠাৎ ব্রেকের কারণে বাসের দরজা দিয়ে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের পরে এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু সংলগ্ন সীমানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুর বলে স্থানীয়রা জানিয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। বাসের সামনে (ইঞ্জিন কভার) বসেছিলেন তিনি। বাসটি পাঁচ্চর পার হয়ে সীমানা নামক স্থানে গেলে হঠাৎ ব্রেক কষে।এতে ভারসাম্য হারিয়ে খোলা দরজা দিয়ে মহাসড়কে ছিটকে পড়েন সাত্তার হাওলাদার। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান বলেন, বাসটি হঠাৎ করে জোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে গিয়ে লোকটির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।