চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় চেয়ারম্যানের দুই ভাইকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতরা দেশীয় পদ্ধতিতে অস্ত্র তৈরি ও বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন। গত ১৬ জানুয়ারি রাতে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতাররা হলেন- মো. সালাউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পী (৫৬)। তারা মৃত আবুল বশরের সন্তান। আবুল বশর আওয়ামী লীগের নেতা ছিলেন এবং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের টানা তিন দফার চেয়ারম্যান ছিলেন।