পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশের মতো রাষ্ট্রের পক্ষে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও অবাধ হবে, এমনটা ভাবেনি মার্কিন যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন এত শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে যে, তা তাদের প্রত্যাশারও বাইরে ছিল।

গতকাল বুধবার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। পল কাপুরের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে খলিলুর রহমান বলেন, আমি তার কাছে উল্লেখ করেছি, আমাদের দুজন বাংলাদেশি নাগরিক মারা গেছেন, সাতজন আহত হয়েছেন। এই যুদ্ধ দীর্ঘতর বা বিস্তৃত হলে এ শঙ্কা বাড়তে পারে। তার চেয়ে এবং একইসঙ্গে আমাদের মতো দেশের পক্ষে এই যুদ্ধের অর্থনৈতিক যে প্রতিক্রিয়া হবে, সেটা বহন করা দুঃসাধ্য।

খলিলুর রহমান বলেন, আমরা তাকে বলেছি, যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক একটা সুযোগ দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা চেষ্টা করেন। ‘যুদ্ধ কবে বন্ধ হবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কী বলেছেন’-এমন প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর কাছে রাখেন এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, যুদ্ধ কবে বন্ধ হবে সেটা তো সম্পূর্ণ তাদের হাতেও নেই। এটা তো কেউ বলতে পারবে না। পাল্টা উত্তরে ওই সাংবাদিক বলেন, ‘তারা শুরু করেছে’। জবাবে খলিলুর রহমান বলেন, ‘না, না, এটা কোনো প্রশ্ন হতে পারে না।

পল কাপুরের সঙ্গে আলোচনার অন্যান্য বিষয় নিয়ে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ প্রথম-এই নীতিতে আমরা চলব। আমাদের স্বার্থ সম্পূর্ণভাবে বজায় রেখে অন্যান্য সব দেশের সঙ্গে আমাদের পররাষ্ট্র কর্মকা- নির্বাহ করব, এটা আমরা তাকে বলেছি। কাপুর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, আগামী দিনগুলোতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে, বিস্তৃত হবে। তিনি জানান, আমরা বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি যারা আমেরিকায় আছেন, তাদের ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলেছি। প্রক্রিয়াটা যাতে সহজ হয় এবং সম্মানের সঙ্গে তারা যেন আসতে পারেন, সেটা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছে। ওনারা আমাদের সঙ্গে একমত, এ বিষয়ে এখন সমাধানের দিকে এগোতে হবে এবং আমি আনন্দিত, তারা এ বিষয়ে আমাদেরকে সব ধরনের সহযোগিতা দেবেন।

খলিলুর রহমান বলেন, পল কাপুর আমাকে বলেছেন- আমার মনে আছে, আপনি ওয়াশিংটন সফরে বলেছিলেন যে আপনারা এই নির্বাচন উৎসবমুখর করতে চান। তখন আমরা ভেবেছিলাম আদৌ কি তাই হবে? পরে আমরা দেখলাম, আসলেই একটি উৎসবমুখর নির্বাচন হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রদূত জানিয়েছেন, তিনি কিছু কিছু কেন্দ্রে মেলার মতো অবস্থা দেখেছেন। খুব আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল বিজয় অর্জন করেছে। পল কাপুর প্রধানমন্ত্রীকে তার সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন।