নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শনের সময় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলা করেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে তার ওপর বিএনপির নেতাকর্মীরা রাস্তায় অবরোধ সৃষ্টি করে হামলা চালায়।

শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক পোস্টে দাবি করেন, বিএনপির লোকজন আমাকে রড দিয়ে মারছে। আমার ফোন কেড়ে নিয়েছে। আমাকে মারার ভিডিও ধারণ করেছে, ফোন ভেঙে ফেলেছে। আমার ড্রাইভারকে কয়েকজন মিলে এক সঙ্গে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!

অভিযোগে বলা হয়, বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে একদল ব্যক্তি বঁটি, রামদা ও শটগান নিয়ে রাস্তায় অবস্থান নেয় এবং হামলা চালায়। এ সময় শ্যামলী সুলতানার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ভিডিও করতে গেলে অন্য একজনের মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়।