নয়াদিল্লীতে খলিল-জয়শঙ্কর বৈঠক

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে এবং বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করতে সম্মত হয়েছে ভারত, জানালেন জয়শঙ্কর। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

নয়াদিল্লিতে বৈঠক: ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর নির্বাচিত সরকারের কোনো মন্ত্রীর এটাই প্রথম ভারত সফর। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং তার প্রতিনিধিদল। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এক শুভেচ্ছা সফরে দিল্লি রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গতকাল বুধবার বিকেলে নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দিল্লির হায়দরাবাদ হাউসে আনুষ্ঠানিক বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনাও করেন খলিলুর রহমান। তার আগে সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে প্রাতঃরাশ সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন। জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠক সম্পর্কে জানান, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করার বিষয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে দীর্ঘ মেয়াদে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা নিয়ে ভারতে যাওয়ার প্রথম দিনেই দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে অন্তর্বর্তী সরকার আমলে খলিলুর রহমানও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন। সফরসূচী অনুযায়ী, গতকাল বুধবার (আজ) খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের পাশাপাশি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদীপ সিং পুরি, এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করবেন। সংশ্লিষ্ট বৈঠকগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। আলোচনার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনঃপ্রবর্তন, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানিচুক্তির নবায়ন এবং সীমান্তে হত্যা বন্ধে পদক্ষেপ।

এছাড়া ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশটিতে মানবতাবিরোধী অভিযোগে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরানো, শীর্ষ নেতাদের সফর বিনিময় এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন নিশ্চিতকরণ বিষয়গুলো প্রধান এজেন্ডা হিসেবে থাকবে। এ ছাড়া, আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট নিয়েও আলোচনা হতে পারে।

ভারতের মহাসাগরীয় সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে মরিশাস যাওয়ার পথে গত মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বাংলাদেশ সরকার তার এ সফরকে শুভেচ্ছা সফর হিসেবে অ্যাখ্যায়িত করেছে। ফেব্রুয়ারির পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং খলিলুর রহমান আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল একই বাণিজ্যিক ফ্লাইটে মরিশাসের উদ্দেশ্যে যাত্রা করবেন। ১১ ও ১২ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে ভারত মহাসাগরীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এয়ার মরিশাসের ফ্লাইটে সাত থেকে আট ঘণ্টার এ যাত্রা কূটনৈতিক দিক থেকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দাপ্তরিক আনুষ্ঠানিকতার বাইরে দুই দেশের মন্ত্রী একান্ত পরিবেশে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা করার সুযোগ পাবেন। এ কারণে দিল্লির বৈঠকের পর মরিশাসে কূটনীতিকদের মধ্যেও আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।

ওসমান হাদী হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় উভয়পক্ষ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দেয়। ভারত বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিয়েছে। এ ছাড়া দুই দেশ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার ব্যাপারেও একমত হয়েছে।

শহীদ ওসমান হাদীর সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করায় ড. খলিলুর রহমান ভারত সরকারকে ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে নির্ধারিত পদ্ধতি অনুসারে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে উভয়পক্ষ সম্মত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদ-প্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্যও বাংলাদেশ পক্ষ তাদের অনুরোধ পুনর্ব্যক্ত করে।

ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি এবং পারস্পরিক আস্থা, সম্মান ও উভয়পক্ষের সুবিধার ভিত্তিতে তার পররাষ্ট্রনীতি অনুসরণ করবে। আলোচনার সময় মন্ত্রী জয়শঙ্কর বলেন, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে। সম্প্রতি ভারত কর্তৃক বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য খলিলুর রহমান মন্ত্রী হরদীপ পুরীকে ধন্যবাদ জানান এবং ডিজেল ও সারের সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন।

বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শুরু হবে। বৈঠকে দুই দেশই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।