আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণার সময় শেষ হয়ে গেছে। আগমী ৪৮ ঘন্টা কোনো প্রার্থী ভোটের প্রচারণা চালালে তা নির্বাচনী বিধিমালা লঙ্ঘন হিসেবে গণ্য হবে, ফলে প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে।

এর আগে ২২শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে এটি শেষ হওয়ার কথা।

সেই হিসাবে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় নির্বাচনী প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে।

এরপর আগামী ১৪ই ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না বলে এক বিবৃতিতে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার সন্ধ্যায় প্রকাশিত ইসির ওই বিবৃতিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা, অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে ১৪ই ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো ধরনের জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।

এছাড়া নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় ব্যবহৃত নিজ নিজ প্রচারণা সামগ্রী প্রার্থীকে নিজ দায়িত্বে অপসারণ করার কথা রয়েছে।

এদিকে, প্রচারণার শেষদিনে ভোটারদের দ্বারে দ্বারে দৌড়াতে দেখা গেছে বিভিন্ন দলের প্রার্থীদের। নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে নিজের পক্ষে ভোট চেয়েছেন তারা।

অনেক জায়গায় প্রার্থী ও তাদের সমর্থকরা সোমবার রাতভর নির্বাচনী গণসংযোগ করেছেন। বিশেষ করে বাজার, লঞ্চঘাট, বাস টার্মিনালসহ রাতে যেসব এলাকা জমজমাট থাকে, সেসব এলাকায় সারারাত ভোটের প্রচারণা চলতে দেখা গেছে।