দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। রোববার রাত ১১টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা এগিয়ে গিয়ে তাদের ধাওয়া করেন। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ওই ব্যক্তিদের নিয়ে ভারতীয় সীমান্তের দিকে ফিরে যায় বিএসএফ সদস্যরা।
ঘটনার পর ওই সীমান্ত এলাকায় পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।
এ বিষয়ে ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান বলেন, রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বেশ কয়েকজন ভারতীয়কে আমাদের দেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া দেন। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।