শনিবার ভোরে বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত কমে গেলে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর এই গুরুত্বপূর্ণ নৌপথে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু জানান, হঠাৎ করেই নদীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়, এতে নদী উত্তাল হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়। তবে মাঝ নদীতে কোনো ফেরি আটকে পড়েনি বলে তিনি নিশ্চিত করেন।

পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সকাল ৭টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে এবং যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।