টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসায় পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, টানা বৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৮ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ও অনেকে মাটির নিচে চাপা পড়ার ঘটনাটি খুবই অনাকাক্সিক্ষত, মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এই হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমি নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সাধারণ মানুষ প্রাণপন চেষ্টা করছেন। আবহাওয়া অনুকূল না হওয়ায় তা কঠিন হয়ে পড়েছে। এজন্য মাটির নিচে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একের পর এক পাহাড়ধসের ঘটনায় যেসব রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হচ্ছে এর জন্য মূলত মিয়ানমারের জান্তা সরকার দায়ী। জান্তা সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নিপীড়নমূলক কর্মকা-ের মাধ্যমে পালিয়ে এসে তাদের বাংলাদেশের পাহাড়ের ঝুঁকিপূর্ণ অঞ্চলে শরণার্থী হিসেবে বসবাস করতে বাধ্য করেছে। রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবসন নিশ্চিত করার জন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনসমূহের প্রতি দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে এতগুলো মানুষের প্রাণহানি অপূরণীয় ক্ষতি। এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে কক্সবাজারসহ দেশের পার্বত্য জেলাসমূহে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে দুর্যোগপূর্ব সতর্কতা জারি ও তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।