নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির গতকাল বুধবার সকালে দায়িত্ব নিয়েছেন।

পুলিশ সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকালে আলী হোসেন ফকির পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার দেয়। এরপর বিদায়ী আইজিপি বাহারুল আলমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন আলী হোসেন ফকির। প্রজ্ঞাপন জারি হওয়ার পরদিনই পুলিশ প্রধানের দায়িত্ব বুঝে নিলেন আলী হোসেন ফকির। পনেরতম বিসিএসের পুলিশ ক্যাডার আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাট। ১৯৬৮ সালের ৫ এপ্রিল তার জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।

আলী হোসেন ফকির ঢাকা মহানগর পুলিশ ছাড়াও নেত্রকোণা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার ছিলেন। ২০০৮ সালে ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন। এরপর তিনি কসোভা ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। দেশে ফেরার পর খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক থাকা অবস্থায় ২০২২ সালের নভেম্বরে আলী হোসেন ফকিরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করতেন। ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর পদোন্নতি দিয়ে প্রথমে উপ মহাপরিদর্শক, পরে ২০২৫ সালের অগাস্টে অতিরিক্ত মহাপরিদর্শক করা হয়। তিনি ২০২৪ সালের অক্টোবর থেকে এপিবিএন প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, নতুন আইজিপির দায়িত্ব গ্রহণের দিনই আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন আইজিপির দায়িত্ব পালন করে আসা বাহারুল আলম। গতকাল দুপুরে পুলিশ সদর দফতরের হল অব প্রাইডে বাহারুল আলমের বিদায় ও আলী হোসেনের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সদর দপ্তরের অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁরা বিদায়ী আইজিপির বর্ণিল কর্মজীবনের নানা দিক সম্পর্কে স্মৃতিচারণা করেন এবং সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন। এ সময় নবনিযুক্ত আইজিপি আলী হোসেনকে স্বাগত জানিয়ে তাঁকে পেশাদার কর্মকর্তা উল্লেখ করেন বক্তারা। তাঁরা বলেন, আলী হোসেনের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি এক অনন্য উচ্চতায় উন্নীত হবে।

বাহারুল আলম তাঁর কর্মকালীন সময়ে ঐকান্তিকভাবে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আলী হোসেন ফকিরকে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, নবনিযুক্ত আইজিপি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবেন।

নবনিযুক্ত আইজিপি আলী হোসেন দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকব।

বাহারুল আলমকে ২০২৪ সালে ২০ নভেম্বর দুই বছরের জন্য আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। চুক্তি অনুযায়ী তাঁর মেয়াদ আরও প্রায় ৯ মাস বাকি থাকতে নতুন আইজিপি নিয়োগ পেলেন।