১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বললো ঢাকা। সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা চালিয়ে নিতে একমত হয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এ কথা বলেন।
এর আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে যোগ দিতে বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় এসেছেন আমনা বালুচ।
জসীম উদ্দিন বলেন, বৈঠকে ৭১-এর জন্য ক্ষমা চাওয়ার বিষয় তুলেছে বাংলাদেশ। ভবিষ্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান। এছাড়া পাওনা ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ। এছাড়া আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেয়ারও আহবান জানিয়েছে ঢাকা।
তিনি বলেন, আগামী ২৭শে এপ্রিল ঢাকা আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে সামরিক ও প্রতিরক্ষা যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।
২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে সর্বশেষ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এরপর ১৫ বছর এই বৈঠক আর হয়নি। দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হলো।