শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলেই প্রাণ হারালেন জসিম উদ্দিন (৪৪) নামের এক কারখানা নিরাপত্তা কর্মী। পৌরসভার একটি ময়লার গাড়ির চাপায় তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত ২৬ জানুয়ারি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখ- এলাকায় নোমান গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন ময়মনসিংহ জেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের চারবারিয়া গ্রামের বাসিন্দা সিরাজুল হকের ছেলে। জীবিকার তাগিদে পরিবার ছেড়ে তিনি শ্রীপুরে বসবাস করতেন। কেওয়া পূর্বখ- এলাকার মান্নানের বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে নোমান গ্রুপের ওই কারখানায় নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকাল ৬টায় কর্মস্থলে যোগ দেন জসিম উদ্দিন। সকাল আনুমানিক ৮টার দিকে শ্রীপুর পৌরসভার একটি ময়লার গাড়ি কারখানা প্রাঙ্গণে প্রবেশ করে। দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি গাড়িটির পেছনে দাঁড়িয়ে চালককে দিকনির্দেশনা দিচ্ছিলেন। এ সময় চালকের অসাবধানতায় গাড়িটি হঠাৎ পেছনের দিকে চলে গেলে তিনি চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর কারখানা এলাকায় শোক ও স্তব্ধতা নেমে আসে। সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। এদিকে নিহতের স্ত্রী শিউলি আক্তার এ ঘটনাকে নিছক দুর্ঘটনা নয়, বরং হত্যা বলে দাবি করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।