কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সোমবার বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন।
তিনি জানান, ট্রেনটি হাসানপুর স্টেশন ছেড়ে আসার পর মাঝামাঝি একটি বগি সামান্য লাইনচ্যুত হয়। দুর্ঘটনাটি বড় ধরনের না হলেও নিরাপত্তাজনিত কারণে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।