নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্য হাতির পদপৃষ্ঠ হয়ে আব্দুস সালাম (৩০) নামে এক টিউবওয়েল মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লম্বাবিল তিতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম স্থানীয়ভাবে পরিচিত একজন টিউবওয়েল মিস্ত্রি। তিনি তিন সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে হঠাৎ একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। হাতিটি দেখতে স্থানীয় লোকজন বের হয়ে এলে একপর্যায়ে কুকুরের ডাকে বিরক্ত হয়ে বন্য হাতিটি উল্টো ধাওয়া শুরু করে। এ সময় দৌড়ে পালানোর সময় আব্দুস সালাম মাটিতে পড়ে গেলে হাতিটি তাকে পদপৃষ্ঠ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাবা আব্দুস ছাত্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলের তিনটি ছোট সন্তান রয়েছে। হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছি। সরকারের কাছে ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানাই।