ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ ৪ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যায়, স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ ৪ জন নিহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের সবার বাড়ি নোয়াখালী জেলায়।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল মুমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।