রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে কোন হতাহতের খবর তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও দুই ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে, ২০২৪ সালের ১২ মার্চ উত্তরার ১১ নম্বর সেক্টরের কাচাবাজারে আগুনের ঘটনা ঘটে। সেইসময় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অনেক দোকান পুড়ে ছাই হলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।