ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের লেমুয়া হাফেজিয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটেছে। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হচ্ছেন সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি বাজার সংলগ্ন রাজাপুর গ্রামের মো. নুরুল হুদার ছেলে নুরুল আলম (৪৬)। তিনি ফেনীর ডায়াবেটিক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। অপর নিহত তার ছেলে নুর হাসনাত নিরব (২৫)।
এছাড়া ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে আফজাল হোসেন (৩৫) গুরুতর আহত হন। নিহত নুরুল ছেলে ও ভাগিনাকে নিয়ে সোনাগাজীর ভাঙ্গার তাকিয়া এলাকার বোনের বাড়ি থেকে ফিরছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, সোমবার দিবাগত রাতে ফেনীর ডায়াবেটিক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের দায়িত্ব পালন করেন নুরুল আলম। সকালে ভাগিনা আফজালের মোটরসাইকেলে নিজ ছেলে নিরবসহ লেমুয়ায় বোনের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন।
এসময় তাদের মোটরসাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া হাফেজিয়া এলাকায় পৌঁছালে রাস্তায় ইউটার্ণ নেয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দাউদকান্দি এক্সপ্রেস বাসের সাথে ধাক্কা লাগে। এতে তারা তিনজনই পিষ্ট হয়।
তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আলমকে মৃত ঘোষণা করে। আহত নিরব ও আফজালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নিরবের মৃত্যু হয়।
মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় প্রথমে একজন ও পরে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।