বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ছাই হয়ে গেছে চার পরিবারের বসতঘর। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সম্প্রতি উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের সর্বত্র। এতে তার ৪টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘরের আসবাবপত্র, চাল-ডাল, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সব জিনিস আগুনে ভস্মীভূত হয়। এ ঘটনায় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন- মুহাম্মদ নুরু সফা, বদরুজ্জামান, আহমদ ছফা ও মমতাজ উদ্দিন। আগুনে তাদের বসতঘরসহ আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে ঘর হারিয়ে পরিবারগুলো এখন চরম মানবেতর জীবনযাপন করছেন। মাথা গোঁজার ঠাঁই না থাকায় খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে তাকে।
রাজার হাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর সহ প্রায় ২ লাখ টাকার মালামাল ভস্মিভুত হয়েছে। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাখা মৌজার সওদাগর পাড়ায় শাহিন আলমের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। এতে তিনটি ঘরের মালামাল সহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়ছে। খবর পেয়ে রাজারহাট উপজেলার ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে বসতঘর, ধান, চাল, আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবার টি সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন যাপন করছে।