বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে বিয়ের আগের দিন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে রাখা ট্রাকের পিছনে ধাক্কা লেগে জুলফিকার আলী (২৯) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার আলী জিল্লু পাবনার ঈশ্বরদী থানার নওদাপাড়া গ্রামের আনসারুল হক প্রামাণিকের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের আগের দিন বরের এমন নির্মম মৃত্যুতে পুরো এলাকা জুড়ে আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, রোববার জুলফিকার আলীর আলীর গায়ে হলুদ ও সোমবার বিয়ের দিন ধার্য্য ছিল। রোববার সকালে তিনি বাড়ি থেকে নিজেই প্রাইভেটকার চালিয়ে বিয়ের অনুষ্ঠানে আসা বোন-ভগ্নিপতিকে নেয়ার জন্য বড়াইগ্রামের বনপাড়ায় আসছিলেন। পথে উপজেলার গড়মাটি এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে একটি গাছের সঙ্গ ধাক্কা খেয়ে মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ট্রাকের পিছনে ঢুকে পড়ে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। প্রাইভেট কারটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
মানিকগঞ্জে বিমান মন্ত্রীর সাথে জামায়াতের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা: মানিকগঞ্জে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। রবিবার রাত আটটার সময় মানিকগঞ্জের গিলন্ড মন্ত্রীর নিজ বাস ভবনের ডাক বাংলোয় এই সাক্ষাৎ করেন তারা। এর আগে জামায়াতের নেতৃবৃন্দ সাবেক মন্ত্রী মরহুম হারুনুর রশিদ খান মুন্নু ও তাহার স্ত্রী হুরুন নাহার মুন্নুর কবর জিয়ারত করেন।
এসময় জামায়াতের নেতৃবৃন্দর মধ্যে ঢাকা উত্তরাঞ্চলের টিম সদস্য, মাওলানা দেলোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি ও জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান, ডাঃ আবু বকর সিদ্দিক, জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, নায়েব আমীর অ্যাড আনোয়ার হোসেন, মানিকগঞ্জ সদর থানা আমি মাওলানা ফজলুল হক, থানা সেক্রেটারি অ্যাড সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা মন্ত্রী আফরোজা খানম রিতাকে শুভেচ্ছা জানান, এবং মানিকগঞ্জের উন্নয়নের জন্য করনীয় কাজগুলো তুলে ধরেন। বিশেষ করে পাটুরিয়া ও আরিচা ব্রিজ,পর্যটন কেন্দ্র, এবং শিবালয় বোয়ালি বিলে এয়ারপোর্ট ও মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এ ফ্লায় ওভার ব্রিজ করার জন্য পরামর্শ দেন। মন্ত্রী নিজে এই কাজ গুলো খুব দ্রুত করবেন বলে আশ্বস্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন। বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, মানিকগঞ্জের উন্নয়নের জন্য দলবল নির্বিশেষে সবাই কে সাথে নিয়ে সব ধরণের কাজ করতে প্রস্তুত থাকতে হবে ।