কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রাফি মিয়া (১০) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সাতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফি মিয়া শিমরাইল গ্রামের মধ্য পাড়ার প্রবাসী সোহাগ মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত রাফির মা আকলিমা বেগম বলেন, বাবার বাড়ি ও স্বামীর বাড়ি একই গ্রামে হলেও তিনি সন্তান নিয়ে ভাড়া থাকতেন কসবা পৌর শহরের মরাপুকুর পাড় এলাকায়। ঈদের পরদিন সন্তানসহ শিমরাইল সাতপাড়া এলাকায় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলো। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। পাশ্ববর্তী জনৈক জামাল মিয়ার নতুন নির্মানাধীন বাড়িতে বিদ্যুতের কাজ করছিলো পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন। এসময় বাড়ির সামনে খোলা জায়গায় রাখা নির্মাণাধীন ঘরের জন্য আনা রডের স্তুপের উপর খেলা করছিলো রাফি। এসময় বিদ্যুৎ সংযোগ দিলে জামাল মিয়ার টিনের ঘরের বেড়া বিদ্যুতায়িত হয়ে মাটি ও রডের স্তুপসহ বিদ্যুতায়িত হয়। তখন রডের স্তুপের উপর খেলারত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু রাফি।