চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় ঢাকামুখী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে পৌনে সাতটার মধ্যে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট এলাকায় এই ঘটনা ঘটে। আগুন লাগার পর ট্রেনটি প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০টার দিকে কুমিরা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সিসিটিভিতে আগুনের দৃশ্য

ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি ফৌজদারহাট স্টেশন অতিক্রম করার সময় একটি বগিতে আগুন জ্বলছিল। প্ল্যাটফর্মে থাকা কয়েকজন ব্যক্তি আগুন দেখতে পেয়ে চিৎকার করে যাত্রীদের সতর্ক করেন। এতে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাওয়ার কারে আগুন, পাশের কোচে ছড়িয়ে পড়ে

প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনটির বিদ্যুৎ উৎপাদনকারী পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের শিখা দেখা গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

ফায়ার সার্ভিসের তৎপরতা

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত বগি রেখে ট্রেন চালু

অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পাওয়ার কার ও একটি এসি বগি আলাদা করে চট্টগ্রামের রেলওয়ে মেরামত কারখানায় পাঠানো হয়েছে। পরে চট্টগ্রাম থেকে দুটি নতুন বগি এনে কুমিরা স্টেশনে ট্রেনটির সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে দেওয়া হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. আশিকুর রহমান জানান, অক্ষত বগিগুলো আগে কুমিরা স্টেশনে নেওয়া হয় এবং পরবর্তীতে নতুন বগি যুক্ত করে ট্রেনটি পুনরায় চালু করা হয়।

ট্রেন চলাচলে বিঘœ

এই দুর্ঘটনার কারণে অন্যান্য ট্রেন চলাচলেও সাময়িক বিঘœ ঘটে। সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসকে ফৌজদারহাট স্টেশনে প্রায় ৩৫ মিনিট এবং ভাটিয়ারী স্টেশনে ৮ মিনিট আটকে রাখা হয়। এছাড়া ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসও প্রায় ১০ মিনিট বিলম্বিত হয়।

পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রী জমির উদ্দিন জানান, সকাল ১০টার দিকে তাদের ট্রেন ফৌজদারহাট স্টেশনে আটকে রাখা হয় এবং দুর্ঘটনাকবলিত ট্রেনটি না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।

তদন্ত কমিটি গঠন

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেলওয়ে পূর্বাঞ্চল চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমানকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্ত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হতাহতের খবর নেই

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো যাত্রী বা তাঁদের মালামালের ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন লাগার কারণ নিশ্চিতভাবে জানতে তদন্ত চলছে। অগ্নিকা-ের সময় সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।