দেশের বিভিন্নস্থানে গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুঘর্টনায় নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

জেলা ও সাদুল্যাপুর উপজেলা সংবাদদাতা জানান : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা গতকাল মঙ্গলবার দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের মন্দুয়ার তেলের পাম্প সংলগ্ন এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ অটোরিকশা যাত্রী নিহত ও ৪ জন যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন- জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশা চালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পুর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, সাদুল্যাপুর উপজেলার মঙ্গলবার দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের মন্দুয়ার তেলের পাম্প সংলগ্ন এলাকায় একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে অপর একটি অটোরিকশার সঙ্গে ধাকা লাগে। এসময় অটোরিকশার ২ যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান : মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানের (৪৮) মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কেউটখালী এলাকার ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমানের সহকর্মীরা জানান, সকালে তিনি একটি খালখনন কর্মসূচির সাইট পরিদর্শন শেষে নিজ অফিসে ফিরছিলেন। কেউটখালী এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়েন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ায় সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান জানান, নিহত জিয়াউর দীর্ঘ ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাই। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরে একটি ভাড়া বাসায় থাকতেন।

জামালপুর সংবাদদাতা জানান ঃ জামালপুরের মাদারগঞ্জে সিএনজি ও মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে জাহিল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে জামালপুর -মাদারগঞ্জ মহা সড়কের মাদারগঞ্জ ফায়ার সার্ভিস সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিল জামালপুর সদর উপজেলার মনিরাজপুর গ্রামের মামুনের ছেলে। আহতরা হলেন- নিহতের মা বিথী (৩৬),মাদারগঞ্জের জোনাইল ফকির বাড়ী এলাকার ওয়াজেদ আলীর স্ত্রী সামিরা (৫৫) ও একই এলাকার মিজানুর রহমানের স্ত্রী সেলিনা বেগম (২৬)। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। আত্মীয়ার লাশ দেখার জন্য বিথী ও জাহিল জামালপুর থেকে মাদারগঞ্জে যাচ্ছিলেন। মঙ্গলবার জামালপুর সদরে ফেরার পথে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এলাকায় পৌছলে এ দুর্ঘটনা ঘটে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শাকের আহমেদ জানান, দুর্ঘটনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহিন্দ্র ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান : ঢাকার ধামরাইয়ে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্র ইটের ট্রাকের চাপাঁয় নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা ব্রীজের মধ্যে স্থানীয় আশাবোন কিন্ডারগার্টেন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মাহিম হোসেন (১৩) ইটের ট্রাকের চাপাঁয় ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত মাহিম হোসেন ধামরাইয়ের ধাইরা গ্রামের বাসিন্দা। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

চান্দিনা (কুমিল্লা) জানান : কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস চাপায় আসমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে কুটুম্বপুর ফুট ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম চান্দিনা উপজেলার গাটিঘড়া গ্রামের বাসিন্দা মৃত কেরামত আলী’র স্ত্রী। পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী ‘সারা এক্সপ্রেস’ (রেজি. নং- ঢাকা মেট্রো-ব-১২-৫৩৩৬) নামের বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আসমা বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। তবে বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেবীগঞ্জ থেকে ঘুরে বোদা (পঞ্চগড়) সংবাদদাতা জানান ঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মমতা বেগম (৩৭) ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা নিহত হয়েছেন। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দেবীগঞ্জ-সোনাহার সড়কের ধরধরা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতা বেগম উপজেলা সদরের কলেজপাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাহার গজপুরী এলাকায় বাবার বাড়িতে ইফতার শেষে নিজ ভাগ্নে মনিরুল ইসলামের মোটরসাইকেলে করে জমজ দুই মেয়ে মুনতাহা ও মোবাশ্বিরাকে নিয়ে বাড়ি ফিরছিলেন মমতা বেগম। ফেরার পথে নতুনবন্দর ধরধরা ব্রিজের কাছে দেবীগঞ্জ থেকে ঢাকাগামী নাদের পরিবহনের একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতা বেগম ও তাঁর মেয়ে মুনতাহাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হলেন, নিহত মমতার ভাগ্নে মনিরুল ইসলাম ও অপর মেয়ে মোবাশ্বিরা (৫)। তাঁরা দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটি আটক করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটির চালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে লিয়াকত আলী (৬৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। গত সোমবার রাতে উপজেলার রসিকনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশ মাইল গ্রামের মৃত ভাদু মিস্ত্রির ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। তিনি জানান, রাতে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক রসিকনগর-বহালাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান লিয়াকত আলী। এ ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে আইনশৃংখলা বাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি থানায় আনা হয়েছে।