শাহীন সৈকত, রাজবাড়ী সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটিপ যাত্রীবাহী বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মানদীতে পড়ে তলিয়ে যায়। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৪১ জনের মতো নিখোঁজ রয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা ও অন্যান্য সংস্থা কাজ করছে। জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটিতে ৫৬ জন যাত্রী ছিল। বাসটি তলিয়ে যাবার স্থানটি অত্যন্ত গভীর বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা।

ঘটনার পর পরই উদ্ধারকারী জাহাজ হামরা এসে পৌঁছলেও এখনো উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। এতে নিখোঁজদের স্বজনরা উত্তেজিত হয়ে বিশৃঙ্খল তৈরি করার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌপুলিশ, ফায়ার সার্ভিস কাজ করছে। ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অবস্থান করছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচাঘাট থেকে আমাদের ডুবুরি দল এসেছে। তারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী ফেরি হামজা কাজ করছে।