হবিগঞ্জের মনতলা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ট্রেনটি তেলবাহী হওয়ায় এতে কোনো যাত্রী ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তবে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।