পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা বাসের চালক-হেলপার বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে।
এ বিষয়ে ওসি মুস্তাফিজার রহমান বলেন, নিহত দুজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক ও অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।