আবুল বাসার আব্বাসী, হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ৩ নম্বর ফেরিঘাট এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার একটি কম্প্রেসার মেশিন বিস্ফোরণে মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। বিস্ফোরণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একটি কাউন্টার কক্ষ ও একটি দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ৭ মার্চ বেলা ১১টার দিকে আরিচা ফেরিঘাটে বিআইডব্লিউটিসির কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বোয়ালী ডাক্তারখানা এলাকার মো. আক্কাস মিস্ত্রি আরিচা টার্মিনালের দক্ষিণ পাশে একটি টিনের ঘর ভাড়া নিয়ে সেখানে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কাজ করতেন। টার্মিনালের বাউন্ডারি এলাকার ভেতরে রাখা একটি কম্প্রেসার মেশিন দিয়ে তিনি এ কাজ পরিচালনা করতেন। শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে কম্প্রেসার মেশিনটি বিস্ফোরিত হয়।