গাজীপুর মহানগরীর পূবাইলে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুনীল রবি দাস নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি চিরকুটে লেখা ছিল, 'মিস ইউ অল, ক্ষমা করে দিও মা'-যা ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম রেলরুটের পূবাইলের মাঝুখান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুনীল রবি দাস ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ পিয়ন পদে কর্মরত ছিলেন। তার পরিচয়পত্র থেকে জানা গেছে, তার বাড়ি রাজধানীর হাজারীবাগ এলাকার বিডিআর ১ নম্বর গেট সংলগ্ন গণতলী সিটি কলোনিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে সুনীল রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেন আসতে দেখে তিনি প্রথমে লাইনের পাশে নেমে দাঁড়ান। কিন্তু ট্রেনটি কাছে চলে আসার মুহূর্তে তিনি হাতে থাকা একটি চিরকুট রেললাইনের পাশে ফেলে হঠাৎ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি দেখে আশপাশের লোকজন হতবাক হয়ে পড়েন।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সেই চিরকুট উদ্ধার করেন। সেখানে লেখা ছিল, 'মিস ইউ অল, ক্ষমা করে দিও মা'। চিরকুটের ভাষা দেখে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

খবর পেয়ে জিএমপি পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ, আতিকুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাজিম উদ্দীন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বা ব্যক্তিগত হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা বলেন, মানসিক চাপে থাকা মানুষের পাশে পরিবার ও সমাজকে আরও সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।