নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজছাত্র নদীতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। গতকাল সোমবার দুপুরের দিকে শহরের নাগরিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মাহির ঢাকার বিএএফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পশ্চিম কাজীপাড়া মিরপুর ঢাকার জহিরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
মাহিরের বন্ধু ওয়ালী জানায়, সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার ৪/৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী ব্রীজ ও ব্রীজ সংলগ্ন পার্কে ঘুরতে আসে। তারা বিভিন্ন স্থান ঘুরে দেখার এক পর্যায়ে নাগরিয়াকান্দি ব্রীজের নিচে মেঘনা নদীতে বেশ কয়েকজন গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানায় তার বন্ধু মাহির শাহরিয়ার ও আরো দুইজন নদীর গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। তার সাথী সঙ্গী বন্ধুরা এসময় দুই জনকে উদ্ধার করতে পারলেও মাহির শ্রোতে তলিয়ে যায়। সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বেলা তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তারা অভিযান চালিয়ে নদী থেকে বিকেলে ৪ টায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোঃ রফি,পিএফএম বলেন, বিকাল চারটায় ডুবুরিররা নদী থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।