চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ট্রাকচাপায় অ্যাডভোকেট কাওসার হোসেন সম্রাট (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সম্রাট কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় আইনজীবী এবং পরিবারের বড় সন্তান ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি দৌলতপুরের উদ্দেশে রওনা দেন সম্রাট। পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা রুহুল আমিন জানান, বাজার করতে মোটরসাইকেলে করে চাতরী চৌমুহনী গিয়েছিলেন তার ছেলে। পরে দুর্ঘটনার খবর পেয়ে জানতে পারেন, তিনি আর বেঁচে নেই। শুক্রবার জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সম্রাটের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও ছোটবেলা থেকেই তিনি পরিবারসহ কর্ণফুলীর দৌলতপুর এলাকায় বসবাস করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ও দুই বছর বয়সী দুটি কন্যা সন্তান রেখে গেছেন।