দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা : দাগনভূঞায় পৌরসভার প্রশ্চিম পাশে ফেনী নোয়াখালী মহাসড়কে গত ৩ মার্চ ভোর ৫.১০ মিনিটের সময় বাবা ছেলে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় গ্যাস সিলিন্ডার বহনকারী একটি পিকাপ চাপায় মারাত্মক দুর্ঘনটার কবলে পড়েন। এতে ছেলে নুর আহমদ (১৪) ঘটনাস্থলে মারা যায়, বাবা নুর আলম মোল্লা গুরুতর আহত হন। আহত বাবাকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।
পুলিশ ও স্থানীয়রা জানান, আটো রিকশা চালক নুর আলম মোল্লা এবং তার ছেলে নুর আহমদ হোটেলে সেহেরী খেয়ে দাগনভূঞা মুক্তার বাড়ী মাজার মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছেন। তার দুইজনই মসজিদে যাওয়ার সময় রাস্তার একেবারে কিনারে থাকলেও দ্রতগামী পিকাপটি বাপ ছেলে দুইজন কে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ছেলে নুর আহমদের মৃত্যু হয় আর বাবা নুর আলম মোল্লা মারাত্মক আহত হয়। মূমুর্ষ অবস্থায় স্থানীয়রা নুর আলম মোল্লা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে হাই ওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এবং পিকাপ ঢাকা মেট্রো ২২-৩৯৫৫ টিকে আটক করে থানায় নিয়ে যান। নিহত ছেলে আহতদের বাবার বাড়ী হচ্ছে লক্ষিপুর জেলার রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোল্লা বাড়ী।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরা বন্ধে পরিচালিত অভিযানে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
মো. মাহমুদুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহযোগিতা করে নৌ পুলিশ মজুচৌধুরীর ফাঁড়ি।
অভিযান সূত্রে জানা গেছে, সকালে লক্ষ্মীপুর অংশের মেঘনা নদীতে তল্লাশি চালানো হলেও কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। পরে জেলার সীমানা সংলগ্ন এলাকায় ভোলা দিক থেকে একটি মাছ ধরার ডিঙি নৌকা লক্ষ্মীপুরের সীমানার দিকে আসতে দেখা যায়। নৌকাটি লক্ষ্মীপুরের জলসীমায় প্রবেশ করলে তা আটক করা হয়।
এ সময় নৌকা থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। জালগুলো শুকনো অবস্থায় ছিল। নৌকায় চার থেকে পাঁচ দিন আগে ধরা লবণ দেয়া ইলিশ মাছও পাওয়া যায়। আটক জেলে দাবি করেন, তিনি ভোলায় বোনের বাড়িতে গিয়েছিলেন এবং লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন। এর আগে ভোলার মৎস্য কর্মকর্তারা তাকে আটক করলেও বিস্তারিত জানার পর ছেড়ে দেন বলে তিনি জানান।
তবে অভিযানের নেতৃত্বে থাকা কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, “মেঘনা নদীতে অভিযানের সময় কোনো প্রকার মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করে কেউ মাছ ধরার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।” জব্দ করা জাল পরবর্তীতে কোস্টগার্ডের সামনে আগুনে পুড়িয়ে দেয়া হয়।
বাহুবল (হবিগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে হানিফ পরিবহন ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মুনিম (২২) নামের নসিমনের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়ে। নিহত মুনিম বাহুবল উপজেলার আব্দাকামাল গ্রামের বাসিন্দা। গত ২ মার্চ রাত ৯টার দিকে উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকা গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্বেখিত স্থানে পৌঁছলে চলন্ত অবস্থায় বাসটির সামনের একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হলে বাসটি নিয়ন্ত্রণ হারায়, এ সময় বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশের একটি বাড়িতে ঢুকে যায়। এ সময় মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।
গাজীপুর : গাজীপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ অটোরিকশার চারজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বুধবার কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও মোড়লবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নূর আলম (৩২)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর থানার দুতামরুনপুর এলাকার বাসিন্দা এবং গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। আহতরা হলেন- জামালপুর দেওয়ানগঞ্জের রবিন (৩৫), টাঙ্গাইলের মধুপুরের রাশেদ রানা (২৪), সিরাজগঞ্জের ফরহাদ (১৯) ও নরসিংদীর রায়পুরার মাইন উদ্দিন (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে কালীগঞ্জ বাইপাস সড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিল। পথে বালীগাঁও মোড়লবাড়ি এলাকায় অপর একটি গাড়িকে ওভারটেক বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন সামলাতে না পেরে ওই ট্রাককে ধাক্কা দেয়। দূর্ঘটনায় গাড়ি তিনটি ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে সিএনজির যাত্রী নূর আলম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত চালকসহ সিএনজির ৪ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়। কালীগঞ্জ থানার এসআই মাকসুদুল কবির নকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।