বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২ জন। আজ শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁ শহরের খাস নওগাঁর আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)। এরা তিনজন একে অপরের বন্ধু ছিলেন।

বগুড়া ২

আহতদের স্বজনদের আহাজারি

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে অধিক গতিতে ও বাউলি দিতে দিতে দুটি মোটরসাইকেল নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। অপর মোটরসাইকেলে থাকা দুই বন্ধু আহত হয়।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সবুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধারে করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আহত ২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী বীরকেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম উদ্দিন জানান, তিন বন্ধুকে বহনকারী মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল এবং বিকট শব্দ হচ্ছিল। বৃষ্টির মধ্যে এঁকেবেঁকে দ্রুতগতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলটির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।