আমতলী (বরগুনা) সংবাদদাতা : আমতলীর হলদিয়া ইউনিয়নের দক্ষিণতক্তাবুনিয়া ও আঠারগাছিয়া ইউনিয়নের উত্তরগাজীপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে প্রতিহিংসার আগুনে ৫টি দোকান পুরে ছাই হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকানের প্রায় ২৬ লক্ষ টাকার মালামাল পুরে ক্ষতি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার গভীর আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের জলেখার স্লুইজগেট সংলগ্ন সড়কের পাশে লতিফ খানের মুদি মনোহরি ও কীটনাশকের দোকানে মঙ্গলবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই দোনটি পুড়ে যায়। দোকানের মালিক মো. আব্দুল লতিফ খান অভিযোগ করে বলেন, আমার ঘরে বিদ্যুতের সংযোগ ছিল না এবং ওই রাতে দোকানে কেউ ছিল না এতে কি ভাবে আগুনের ঘটনা ঘটে। তিনি এই অগ্নিকান্ডকে পরিকল্পিতভাবে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন। এঘটনায় তিনি আমতলী থানায় অজ্ঞাত আসামী করে বুধবার দুপুরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
একই দিন রাতে আঠার গাছিয়া ইউনিয়নের উত্তরগাজীপুর গ্রামে রাসেদুল ইসলামে মুদিমনোহরি এবং পাশের স্বপন শীলের সেলুনের ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে রাসেদুলের ৫ লক্ষ এবং স্বপন শীলের লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়। রাসেদুল ইসলামও তার ঘরে অগ্নিকান্ডকে নাশকতার অভিযোগ করে বলেন, শত্রুতা করে কেউ আগুন দিয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাশকতা হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।