মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে জাহিদুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এস এম জাহিদুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া এলাকার ইসকান্দার আলীর ছেলে।

জানা গেছে, সকালে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুর মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাদিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।