ঈদযাত্রায় সড়কে ৩০০ জনের বেশি মৃত্যুর যে খবর প্রকাশ হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, এবারের ঈদযাত্রা অতীতের তুলনায় বেশি স্বস্তিদায়ক ছিল এবং মৃত্যুর সংখ্যা কমেছে।
রোববার (২৯ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ রোড সেইফটি ফাউন্ডেশনের হিসাবে, ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হওয়ার তথ্য উল্লেখ করা হলেও মন্ত্রী এ পরিসংখ্যানের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তার দাবি, সরকারিভাবে প্রাপ্ত তথ্যে মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম।
মন্ত্রী বলেন, এবারের ঈদে প্রায় দেড় কোটি মানুষ তিন দিনের মধ্যে ঢাকা ছেড়েছে এবং বড় ধরনের দুয়েকটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছাড়া সামগ্রিকভাবে যাত্রা স্বস্তিদায়ক ছিল। যদিও কিছু স্থানে যানজট ও ভোগান্তির ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকার করেন।
তিনি আরও জানান, সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে এবারের ঈদযাত্রায় মোট ১৭০ জনের মৃত্যু তথ্য সরকারের কাছে রয়েছে। এর মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে ২৮ জন এবং রেলপথে ১৭ জন নিহত হয়েছেন। বাকি মৃত্যুগুলো স্থানীয় বা অন্যান্য দুর্ঘটনায় ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, দুর্ঘটনার সঠিক তথ্য সংগ্রহে বিআরটিএ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।