দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় ফরহাদ (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ মোটরসাইকেলে গৌরীপুর থেকে চট্টগ্রামমুখী সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলে থাকা পিলিয়ন আরোহী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

দাউদকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির জানান, ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। নিহত ফরহাদ উপজেলার পুটিয়া গ্রামের মো. ফখরুল ইসলামের ছেলে। তিনি প্রাণ কোম্পানির ডিংকু গ্রুপে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।