গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধা শহরের সার্কুলার রোডে তাজ সিনেমা হল সংলগ্ন এলাকায় শনিবার সকাল ৮টার সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাঁধন প্রিন্টিং প্রেসসহ ৮টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করেই বাঁধন প্রিন্টিং প্রেসে আগুনের সূত্রপাত হয়। এসময় আদিত্য স্টোর, নিয়ত ভ্যারাইটিস, ছোটনের দোকান, রতন কিউট সেলুনসহ আরও কয়েকটি দোকানে মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও, ততক্ষণে ৮টি দোকানের ভেতরের মালামাল, যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে নিঃশেষ হয়ে যায়।

গাইবান্ধা ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও অগ্নিকা-ের সঠিক কারণ বা সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

দেওয়ানগঞ্জে মৃত দুই শিক্ষককে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ!

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মৃত দুই শিক্ষককে। বৃহস্পতিবার প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে দেয়া চিঠিতে আছে তাদের দুজনের নাম। একজন চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আবদুল করিম ২০২৪ সালের ২ আগস্ট অসুস্থতার কারণে মারা যান এবং অপরজন পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান আকা যিনি চার মাস আগে রোড এক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। বিষয়টি জানাজানির পর এলাকায় সমালোচনার ঝড় বইছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত চিঠিতে দেখা যায়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৫ জানুয়ারি দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রি কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে নির্বাচিত সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নামের তালিকায় মৃত দুজন শিক্ষকের নামই প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকার সবাই এবারের নির্বাচনে জামালপুর-১ আসনে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।