টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ নিহত ও ১০ জন আহত হয়েছে। ঈদে কম খরচে বাড়ি ফিরতে ট্রাকে ফিরছিলেন তারা ; সবাই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। ফেনী থেকে ছেড়ে আসা রড বোঝাই ট্রাক টাঙ্গাইলে এসে উল্টে নিহত হওয়া ১৫ জন মূলত নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। তারা চুল ও ভাঙ্গারি মোবাইল ফেরি করতেন। ঈদে কম খরচে বাড়ি ফিরতে ট্রাকে করে নিজ বাসার উদ্দেশে রওনা হন তারা। কিন্তু টাঙ্গাইলের যমুনার কাছাকাছি আসলে দুর্ঘটনার শিকার হোন তারা।

সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় একটি রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাড়ী গ্রামের মো. সাগর মিয়া (২০), একই গ্রামের রবিউল ইসলাম (২৫), নিয়ামতপুর উপজেলার মালঞ্চী গ্রামের সারিকুল (২০), রাজশাহী জেলার তানোর উপজেলার বাতানপুর গ্রামের ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নজরুল ইসলাম (৬০) এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের মামুন (৪৫)।

আর আহতরা হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার ডেমরা গ্রামের বাবু (৩৫), সমেজ (২১), হোসেনপুর গ্রামের আব্দুল রহমান (৩৫), দশপাড়া গ্রামের তুহিন (২৪), পাকুরিয়া গ্রামের আলমগীর (৪০), সিদ্দিক আলী (৪০), রাজেন্দ্রবাড়ী গ্রামের খোরশেদ (২৬), নাটোরের গুরুদাসপুর গ্রামের নয়ন বিশ্বাস (২২) এবং পাবনা জেলার আমিনপুর উপজেলার নওয়াবাড়ী গ্রামের শেখ রতন (৩৫)।

আহত শেখ রতন জানান, তারা সকলেই ফেনী শহরের বিভিন্ন এলাকায় বসবাস করেন। সেখানে অকেজো মোবাইল ফোন এবং বিভিন্ন পার্লার থেকে চুল ক্রয় বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন। ঈদ উপলক্ষে তারা সকলেই একসাথে বাড়ি যাচ্ছিলেন। বাসে ভাড়া বেশি হওয়ায় জনপ্রতি সাড়ে পাঁচশ টাকায় রড বোঝাই ট্রাকে উঠে পড়েন। ভোর আনুমানিক সাড় ৪ টার দিকে ট্রাকটি মহাসড়কের খাদে উল্টে পড়ে যায়। অনেকেই রডের নিচে চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন এসে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জামায়াতের জেলা আমীরের ঘটনাস্থল পরিদর্শন

এদিকে, নিহত ও আহত হওয়ার খবর শুনে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন জেলা আমীর আহছান হাবিব মাসুদ

এক বিবৃতিতে তিনি বলেন, “আজ ২৫ মে ভোর ৪টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উলটে মর্মান্তিকভাবে ১৫ জন, মটর বাইক দুর্ঘটনায় ১ জন, ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত এবং আরও ১০ জন গুরুতরভাবে আহত হওয়ার সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের দুর্ঘটনা রোধে পরিবহন মালিক সমিতি, চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ওভারলোড এড়িয়ে চলা, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা এবং গাড়ির চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি এবং এই কঠিন শোকে তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারনের তাওফিক প্রদানের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি।