খুলনা ব্যুরো : খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার শেখ হারুনুর রশিদ (৬২) গুলীবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড় টার দিকে মহানগরীর জাতিসংঘ পার্কের পাশে আল হেরা জামে মসজিদের দোতলায় ঠিকাদার সমিতির অফিসে এ ঘটনাটি ঘটে। গুলিটি হারুনুর রশিদের ডান পায়ের রানে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত হারুনুর রশিদ মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকার মৃত শেখ আব্দুর রউফের ছেলে।
খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির খান মোহাম্মদ রেজাউল আলম বলেন, মব করে আমাদের জায়গাটি দখল করে প্রতিপক্ষ। আমরা খুলনায় ও হাইকোর্টে মামলা করি। মামলায় আমাদের পক্ষে রায় হয়। এর প্রেক্ষিতে আমরা আমাদের আসন গ্রহন করি। তারা কোন কোর্ট মানে না। ওরা এসে আমাকে লক্ষ করে গুলি করে। আমার ছেলে বাঁধা দেওয়ায় ওই গুলি সরে গিয়ে হারুনুর রশিদের পায়ে লাগে। শর্টগান দিয়ে গুলি করে।
বগুড়া অফিস : বগুড়ার দুপচাঁচিয়ায় আবাদ করা ঘাসের জমিতে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মানিক চৌধুরী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মানিক উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। ১৮মে সোমবার রাত ৯ টার দিকে ঝাঝিড়া বাঙ্গালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মানিকের ছেলে মুন্না চৌধুরী জানান, ঘটনারদিন সোমবার সকালে তার বড় বাবা বুলুন চৌধুরীর ছাগল তালুচ পশ্চিমপাড়ার ফিরোজ হোসেন কাকরুলের চাষ করা ঘাসের জমিতে প্রবেশ করে ঘাস খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসাও হয়। মিসাংসার বিষয়টি কাকরুলের পছন্দ না হওয়ায় রাতে তার বাবা ঝাঝিড়া বাঙ্গালী বাজারে আসলে কাকরুল ও তার ভাতিজা রেজাউল হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তার বাবা মানিককে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম (লালমনিরহাট) : লালমনিরহাটের পাটগ্রামে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে দুলাল হোসেন (৪৭) নামের এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার (১৬ মে) রাতে পাটগ্রাম পৌরসভার ভান্ডারদহ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুলালের স্ত্রী রুনা বেগম বাদী হয়ে পাটগ্রাম থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাটগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভান্ডারদহ গ্রামে অটোরিকশাচালক দুলালসহ ভ্যান ও ঠেলাগাড়িচালক পাঁচটি পরিবার বসবাস করে আসছে। তাদের বসতবাড়িতে যাতায়াতের কাঁচা রাস্তা একই এলাকার মুকুল হোসেনের বাড়ির সামনে হওয়ায় তিনি নিজের জমি দাবি করে প্রায়ই রাস্তা বন্ধ করে দিতেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের চার দিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোক, আতঙ্ক ও রহস্যের ছায়া।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার পৌর এলাকার ভোগপাড়া মহল্লায় কটিয়াদী-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তার মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত জিল্লুর রহমান নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তবে দীর্ঘদিন ধরেই তিনি পরিবার নিয়ে কটিয়াদী পৌর সদরে বসবাস করছিলেন। সততা, পরিশ্রম আর ব্যবসায়িক সুনামের কারণে এলাকায় তিনি ছিলেন পরিচিত ও সম্মানিত মুখ।
জামালপুর : জামালপুরে পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৯ মে সকালে বকশীগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের গাজীর পাড়া গ্রামে ও মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতেগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- বকশীগঞ্জের গাজীর পাড়া গ্রামের সুজা মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩) এবং মাদারগঞ্জের বেতেগা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ইয়ামিন (২)।
জানা যায়, মঙ্গলবার ৭ টার দিকে রান্না করছিলেন মোহাম্মদ আলীর মা লামিয়া আক্তার। এসময় ছেলে মোহাম্মদ আলী বাড়ির আঙিনা থেকে ঘরের পাশের সিংডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে বিলের পানি থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।