রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও অন্যান্য ইউনিট গিয়ে যুক্ত হয়।

এদিকে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে যাচ্ছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের সদস্যরা হিমশিম খাচ্ছে। এছাড়া ঘটনাস্থলে পানির সংকট রয়েছে। এর ফলে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আশেপাশের লোকজন ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। তবে ঘটনাস্থলের আশেপাশে উৎসুক মানুষের ভিড়ে ফায়ার সার্ভিস সদস্যদের আগুন নিয়ন্ত্রনে কাজ করতে বেগ পেতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আগুন বস্তিতে দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করছে তা নিয়ন্ত্রণে নিয়ে আনার জন্য। তবে ঘটনাস্থলে পানির ব্যাপক সংকট রয়েছে। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। রাত পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালাচ্ছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা।