ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নির্মাণাধীন ভবনের অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে মুনতাহা তসলিমা নামে ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ১১ মে সন্ধ্যায় উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব নাইক্ষংদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুনতাহা তসলিমা ওই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলাম ও মোস্তফা খাতুন দম্পতির মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনের কাছে খেলাধুলা করছিল শিশু মুনতাহা। খেলার এক পর্যায়ে সে অসাবধানতাবশত ভবনের ঢাকনাবিহীন খোলা সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ট্যাংকের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মজুমদার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে এবং ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।