তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের তরুণ প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে অধীনস্থ সব প্রচারমাধ্যমকে সরকার কাজে লাগাতে চায়। রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে কীভাবে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তরিত করা যায়, সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরির কাজ চলছে বলে জানান তিনি।

গতকাল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের কাজের পরিকল্পনা এবং অগ্রগতি নিয়ে আজকে মতবিনিময় করেছি। প্রধানমন্ত্রী দীর্ঘ সময় নিয়ে আমাদের কথা শুনেছেন। বিশেষ করে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কীভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি, সে বিষয়ে তিনি দীর্ঘক্ষণ কথা বলেছেন। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সব প্রচারমাধ্যমকে কীভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকে কীভাবে কাজে লাগাতে পারি, সে বিষয়ে পরিকল্পনা সাজানোর দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল কি না জানতে চাইলে জহির উদ্দিন স্বপন বলেন, ‘একটা তথ্যপ্রযুক্তিনির্ভর কমিউনিকেশন সিস্টেমের মধ্যে সারা পৃথিবী এখন প্রবেশ করেছে। আমরা সেই আলোকে বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তরিত করতে চাই। বিমূর্তভাবে এই পর্যন্ত আমাদের লক্ষ্য। এটাকে কীভাবে মূর্তমান করব, সে বিষয়ে আমরা হোমওয়ার্ক করব।’

তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ার কাজে সরকারের অধীনস্থ সব প্রচারমাধ্যমকে কীভাবে কাজে লাগাতে পারি, তিনি (প্রধানমন্ত্রী) সে বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কীভাবে কাজে লাগাতে পারি, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘এ ধরনের দিকনির্দেশনার মধ্যেই আজকের আলোচনা সীমাবদ্ধ ছিল। আমরা সে অনুযায়ী প্রস্তাবনা তৈরি করে ভবিষ্যতে আবার কথা বলব।’

বৈঠক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের কাজের পরিকল্পনা ও অগ্রগতি নিয়ে আজ মতবিনিময় করেছি। উনি সময় নিয়ে আমাদের কথা শুনেছেন। বিশেষত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে কীভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি, সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন।’

তথ্যপ্রযুক্তির আলোকে বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তরিত করার আশাবাদ জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ‘পৃথিবী এখন তথ্যপ্রযুক্তিনির্ভর কমিউনিকেশন সিস্টেমের মধ্যে প্রবেশ করেছে। আমরা সে আলোকে বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তরিত করতে চাই। বিমূর্তভাবে এই পর্যন্ত আমাদের লক্ষ্য। এটিকে আমরা কীভাবে মূর্তমান করব, সে বিষয়ে হোমওয়ার্ক করা হবে।’

একটি বেসরকারি টেলিভিশনের চার সাংবাদিককে চাকরিচ্যুতির নোটিশ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি এরই মধ্যে উভয় পক্ষের সঙ্গেই কথা বলার উদ্যোগ নিয়েছি। কিন্তু এখনো সম্মানজনক কোনো সাড়া পাইনি। তবে আমি আশাবাদী যে এটির সমাধান করতে পারব।’