দেশের উপকূলীয় অঞ্চল এবং নৌপথে ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিত করতে হটলাইন নম্বর ১৬১১১ চালু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৮ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি জানান, দেশের সমুদ্র, উপকূল ও নদী তীরবর্তী জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এবার সেই কার্যক্রম আরও সহজলভ্য করতে চালু করা হলো ২৪ ঘণ্টার জরুরি হটলাইন ১৬১১১।
তিনি জানান, এই নম্বরে কল করে দেশের যেকোনো উপকূলীয় এলাকার মানুষ জরুরি মুহূর্তে সরাসরি কোস্ট গার্ডের সহায়তা নিতে পারবেন।
জলদস্যুতা দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, মৎস্য সম্পদ সংরক্ষণ, সমুদ্রবন্দরের নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধার, পরিবেশ দূষণ রোধসহ নানা কার্যক্রমে হটলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।